Skip to main content

Ridge Bangla

ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা-১৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

স্ট্যাটাসে মান্না লেখেন, তিনি “বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। নির্বাচনী ব্যয় এতই ব্যয়বহুল যে তা আমার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, এই কারণে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। মান্না উল্লেখ করেন, “আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মন খারাপ করবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

যদিও ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেও বগুড়া-২ আসনে নির্বাচন করার পরিকল্পনা বহাল রেখেছেন মান্না। এর আগে বাছাই কমিটি শিবগঞ্জ (বগুড়া-২) আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের হয়ে বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সেখানে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

This post was viewed: 45

আরো পড়ুন