ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শুক্রবার তাদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে এই ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং ‘জুলাই সনদ’কে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষভাবে তরুণ ভোটারদের প্রত্যাশা ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে দলিলটিতে। জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকছে ইশতেহারে।
এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে কার্যকর ও শক্তিশালী কাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হবে। ইশতেহারে মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক পুনর্গঠন ও পররাষ্ট্রনীতির বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।
আলেম-ওলামা, কৃষক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।