Ridge Bangla

আবারও ঢাকা ও সিটি কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাব এলাকায় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসলে শুরু হয় উত্তেজনা, যা পরে রূপ নেয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং তারা লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম বলেন, “কলেজ দুটির শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন আর সেটা নেই। পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে।”

এর আগে গত ১৫ এপ্রিলও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তখনও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। নিয়মিতভাবে এমন সংঘর্ষে নিরাপত্তা ও জনদুর্ভোগের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করছেন এলাকাবাসী।

This post was viewed: 38

আরো পড়ুন