Ridge Bangla

ফেব্রুয়ারিতে হলিউডে মুক্তি পাচ্ছে যেসব আলোচিত সিনেমা

ফেব্রুয়ারিজুড়ে হলিউডের পর্দা ব্যস্ত থাকতে যাচ্ছে। এই সময়ে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অ্যাকশনের পাশাপাশি ক্রাইম থ্রিলার, হরর, অ্যানিমেশন, কমেডি ও রহস্যে ঘেরা সিনেমা উপভোগ করতে পারবেন সিনেমাভক্তরা।

‘ক্রাইম ১০১’ একটি উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার চলচ্চিত্র, যা রত্নচোর মাইক ডেভিসের এক দুঃসাহসিক ডাকাতিকে কেন্দ্র করে নির্মিত। লন্ডনের ১০১ নম্বর ফ্রিওয়েতে তার পরিকল্পিত ডাকাতি পুলিশকে হতবাক করে দেয়। ডাকাতির জন্য মাইক এক বীমা কর্মী শ্যারনের সঙ্গে জোট বাঁধে। কিন্তু শ্যারন হঠাৎ করেই সেই পরিকল্পনা ফাঁস করে দেয়। ফলে পুলিশের একজন কর্মকর্তা মাইককে ধরতে কিংবা হত্যা করতে ওত পেতে থাকে। গল্প এগোতেই আসে চমকপ্রদ টুইস্ট, যা ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। বিখ্যাত পরিচালক বার্ট লেটনের এই সিনেমাটি মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি। মাইক ডেভিসের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ এবং শ্যারনের ভূমিকায় রয়েছেন হ্যালি ব্যারি। মাইক ও শ্যারনের মধ্যে আসলে কী ঘটেছিল এবং কেন শ্যারন বিশ্বাসঘাতকতা করল- তার উত্তর মিলবে সিনেমা মুক্তির পর।

আমেরিকান অ্যানিমেটেড স্পোর্টস কমেডি সিনেমা ‘গোট’ মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সিনেমাটি অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র উইল হ্যারিস, এক নৃতাত্ত্বিক ছাগল, যে ঘোষণা দেয় বাস্কেটবলের মতো খেলাধুলা নির্ভর একটি খেলা ‘রোরবল’-এ সে বিশ্বসেরা হতে চায়। এই স্বপ্ন পূরণের পথে তার জীবনে ঘটতে থাকে নানা মজার ও আবেগঘন ঘটনা। সম্পূর্ণ প্রাণিজগতকে ভিত্তি করে নির্মিত এই মৌলিক অ্যাকশন-কমেডি প্রযোজনা করেছে সনি পিকচার্স অ্যানিমেশন। সিনেমাটি সম্পাদনা করেছেন ক্লোয়ার নাইট। উইল হ্যারিস চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্যালেব ম্যাকলাফলিন। দ্রুততম ও হিংস্র প্রাণীদের আধিপত্য ভেঙে কীভাবে এক ক্ষুদ্র ছাগল বিশ্বসেরা হয়ে ওঠে- সেই অনুপ্রেরণামূলক কাহিনি ফুটে উঠবে ‘গোট’ সিনেমায়।

এই মাসের অন্যতম আলোচিত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ব্লাফ’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই প লাওয়ার্স। এতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন কার্ল আরবান ও ইসমাইল ক্রুজ। গল্পটি উনিশ শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলে নির্মিত। এখানে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন এরসেল বোডেন নামে একজন প্রাক্তন জলদস্যুর চরিত্রে। নিজের পরিবারকে রক্ষা করার জন্য তাকে আবারও জলদস্যুতার পথে ফিরতে হয়। তবে এবার তার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন কনর (কার্ল আরবান)। প্রায় পৌনে দুই ঘণ্টার এই দুর্দান্ত অ্যাকশন সিনেমাটি একই দিনে যুক্তরাষ্ট্র ও ভারতে মুক্তি পাবে।

ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে সিডনি প্রেসকট অতীতের ভয়াবহতা ভুলে নতুন জীবন শুরু করেন। কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হয় না। আবারও ফিরে আসে রহস্যময় ও ভয়ংকর ঘোস্টফেস কিলার, যে এবার সিডনির মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তু বানায়। ফলে সিডনির জীবনে নেমে আসে নতুন বিপর্যয়। তাকে বাধ্য হতে হয় পুরোনো দুঃস্বপ্নের মুখোমুখি হতে। হত্যাকাণ্ড চিরতরে থামাতে শুরু হয় এক রোমাঞ্চকর ও টানটান লড়াই। আগের ছয় কিস্তির মতোই ‘স্ক্রিম ৭’ থাকছে ভয়, রহস্য ও উত্তেজনায় ভরপুর এক আমেরিকান স্ল্যাশার অভিজ্ঞতা। ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ ফেব্রুয়ারি। এই চলচ্চিত্রে অভিনয় করছেন নেভ ক্যাম্পবেল, ইসাবেল মে, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ম্যাথু লিলার্ডসহ আরও অনেকে। পরিচালনা ও চিত্রনাট্যে রয়েছেন কেভিন উইলিয়ামসন।

This post was viewed: 6

আরো পড়ুন