পবিত্র হজ পালনে ইচ্ছুক বিশ্বজুড়ে লাখো ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির খবর দিয়েছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজের আনুষ্ঠানিক ভিসা ইস্যু কার্যক্রম আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দাপ্তরিক বিবৃতিতে এই সময়সূচি ঘোষণা করা হয়। হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে এবং ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে এবার আগেভাগেই ভিসা প্রদান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরব তাদের ঐতিহাসিক ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় হাজিদের আবাসনসহ অন্যান্য আয়োজনও চূড়ান্ত করা হয়েছে।
আগাম ভিসা প্রদান ব্যবস্থার ফলে শেষ মুহূর্তের ভিড় ও ভোগান্তি কমিয়ে হজযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশের মাধ্যমে সরাসরি হজ প্যাকেজ বুকিং দিয়েছেন।
আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতসহ গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে ইতোমধ্যে ৪৮৫টি তাঁবু বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি, ৭৩টি দেশের হজ দপ্তর তাদের প্রাথমিক চুক্তি ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে শেষ করেছে।