নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও তাৎক্ষণিক বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি চাকরিজীবীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে দফায় দফায় টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন দাবিমূলক স্লোগান দেন। একপর্যায়ে পুলিশের বাধার মুখে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি চাকরিজীবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা করেন তারা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না।
আন্দোলনকারীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন ও প্রতিবেদন জমা দেওয়া হলেও দীর্ঘদিন ধরে গেজেট প্রকাশ না করায় তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। বারবার আশ্বাস দিয়েও সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার নতুন কোনো পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়নি। পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতের নির্বাচিত সরকার নেবে।