বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ ও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তারা বারবার এসব জল্পনাকে ভুল প্রমাণ করছেন। সম্প্রতি অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার ভালোবাসা প্রকাশ করা বার্তা আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
অভিষেক বচ্চন বুধবার ৪৯ বছরে পা রাখেন। এ উপলক্ষে ঐশ্বরিয়া রায় সোশ্যাল মিডিয়ায় স্বামীর শৈশবের একটি নস্টালজিক ছবি শেয়ার করেন, যেখানে ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে হাসিমুখে বসে আছেন। ছবির সঙ্গে তিনি আবেগঘন শুভেচ্ছাবার্তাও জানান।
পোস্টে ঐশ্বরিয়া লেখেন, শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা ও আন্তরিকতার ছাপ, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের একমাত্র কন্যা আরাধ্যা কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে তারকা দম্পতিকে একসঙ্গে দেখা গেছে। শুধু জন্মদিনেই নয়, একাধিক অনুষ্ঠানে তাঁদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।
গত বছর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে; কখনো পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ, কখনো আবার অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা। এমনকি ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বলেও শোনা গেছে।
তবে জন্মদিনের এই ভালোবাসাময় বার্তায় সেই সব গুঞ্জনে কার্যত ইতি টানলেন ঐশ্বরিয়া। প্রকাশ্যেই স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে আবারও বুঝিয়ে দিলেন- বাস্তবটা গুঞ্জনের চেয়েও আলাদা।