কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এখন বিএনপিকে সমর্থন করছেন। একই সময়ে আ.লীগের ভোটারদের মধ্যে ২৯% জামায়াত, ৬.৫% এনসিপি এবং ১৩% অন্যান্য দলকে পছন্দ করছেন। ২.৪% ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের মধ্যে ৩৭.৪% জামায়াতকে, ২৭% বিএনপি এবং ১৭% এনসিপিকে সমর্থন জানিয়েছেন। ১৮.৬% তরুণ ভোটার এখনও সিদ্ধান্তহীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপটি ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশের ১৮০টি আসনের ১১,০৩৮ জন ভোটারের ওপর সম্পন্ন হয়েছে। জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে দেশের ৯০% ভোটার ভোটাধিকার প্রয়োগে আগ্রহী, ৮% এখনও অনিশ্চিত। ভোটারদের মধ্যে ৩০.২% প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দেবেন, ৩৩.২% ভোটার দল ও প্রার্থী উভয়কেই বিবেচনা করবেন।
জরিপে উঠে এসেছে, ভোটাররা ধর্মীয় ইস্যুর তুলনায় সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। ৬৭.৩% ভোটারের কাছে নির্বাচনের প্রধান ইস্যু ‘দুর্নীতি’, ৬৩% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৫৫.৪% উন্নয়ন এবং ৫১% নিরাপত্তা বিষয়ক। ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন ৩৫.৯% ভোটার।
ভোটাররা ভোটকেন্দ্রে ভয়ভীতি, জালিয়াতি এবং ব্যালট দখলের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। বিএনপির ৪৯% ও জামায়াতের ৭১% ভোটার ভোটকেন্দ্রে ভয়ভীতি ঘটতে পারে বলে মনে করছেন। এছাড়া ব্যালট ছিনতাই ও সরকারি পক্ষপাতিত্ব নিয়েও ভোটারদের মধ্যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।