দলীয় কর্মসূচিতে আগে-পরে নাম দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কাঞ্চনে এক যুবদলকর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্বেচ্ছাসেবক দল নেতার নাম আজহার।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। উদ্দেশ্য ছিল শনিবার তাঁদের দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করে পূর্বপরিকল্পনা ঠিক করা।
এ সময় তালিকায় আগে-পরে নাম দেওয়াকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদলকর্মী রাজিবের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী যুবদলকর্মী হাসানসহ কয়েকজন মেজাজ হারিয়ে সবুজ, আজহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করেন।
হাতাহাতি চলাকালে ঘুষি খেয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান আজহার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আজহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর পিতা নরাবো এলাকার আব্দুল খালেক।