Ridge Bangla

নিজ ফ্ল্যাটে জনপ্রিয় অভিনেত্রী খুন

সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ তাঁর নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি সেদিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে খুন হন। খবরটি প্রকাশ করেছে দ্য নিউ আরব।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেত্রীর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় তাঁর গৃহকর্মী প্রধান সন্দেহভাজন, যিনি মৃত্যুর পর থেকে পলাতক। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে।

১৯৩৮ সালে জন্ম নেওয়া অভিনেত্রী হুদা শারাউই নয় বছর বয়স থেকেই শোবিজে কাজ শুরু করেন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম, বিশেষ করে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ ও ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’।

ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তারকা খ্যাতি পান। দীর্ঘ অভিনয় জীবনে দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন।

This post was viewed: 16

আরো পড়ুন