বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী আরও একটি গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছে মোট ৫৮ হাজার ৩৫৯ টন গম।
শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ ক্রয় চুক্তি ‘জি টু জি–০২’-এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আনা ৫৮ হাজার ৩৫৯ টন গমবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
এ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে দেশে এসেছে ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম।
এর আগে ‘জি টু জি–০১’ চুক্তির আওতায় দেশে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।