Ridge Bangla

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেওয়া হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন গ্রহণ করে এ সিদ্ধান্ত দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এসব খাতের মধ্যে রয়েছে মিরপুর–গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ আরও কিছু কার্যক্রম।

দুদকের আবেদনে বলা হয়, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য মোহাম্মদ এজাজকে নোটিশ দিয়ে তলব করা হলেও তিনি নির্ধারিত সময়ে হাজির হননি।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাই তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। সব দিক বিবেচনায় নিয়ে আদালত মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

This post was viewed: 10

আরো পড়ুন