Skip to main content

Ridge Bangla

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

খ্রিষ্টান ধর্মগুরু ও রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস সোমবার ভ্যাটিকানে নিজ বাসভবন ‘কাসা সান্তা মার্তা’-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন এবং আন্তঃধর্মীয় সংলাপে অংশ নিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন।

পোপের মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, “তার নেতৃত্ব ধর্মীয় সীমানার বাইরে গিয়ে লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সহানুভূতিশীল বিশ্ব গঠনের প্রচেষ্টায় অনুপ্রাণিত করেছিল। তার দয়া ও মানবিকতার যে স্বপ্ন ছিল, আমরা যেন সেই বিশ্ব গঠনের প্রচেষ্টায় অব্যাহত থাকি।”

ভ্যাটিকান সূত্র জানায়, পোপ ফ্রান্সিসের মরদেহ বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায়, সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে।

এই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁসহ বহু রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক প্রতিনিধি। সেই কাতারে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূসও।

বর্তমানে তিনি দোহায় অবস্থান করছেন, যেখানে তিনি ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এ অংশ নিতে চারদিনের সফরে ঢাকা ত্যাগ করেছিলেন। সেখান থেকে সরাসরি তিনি ভ্যাটিকানে রওনা হবেন বলে জানা গেছে।

This post was viewed: 84

আরো পড়ুন