Ridge Bangla

গাজীপুরে কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত হেলাল উদ্দিন কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে হেলাল উদ্দিনের পেছন দিক থেকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জেরে হামলাটি ঘটে থাকতে পারে। পুলিশও প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছে।

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে ঘটনার আগের দিন তর্ক-বিতর্ক হয়েছিল বলে জানা গেছে। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

This post was viewed: 14

আরো পড়ুন