বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখার সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি কুমিল্লাকে বিভাগে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দল সরকারে না এলেও কুমিল্লাকে বিভাগ ঘোষণায় বাধ্য করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ বেকার ভাতার দাবিতে নয়, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্য আন্দোলন করেছে। যারা নিপীড়নের শিকার হয়ে পরে নিপীড়কে পরিণত হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মায়েদের অপমান করা হলে জুলাই আন্দোলনের যোদ্ধারা আবারও মাঠে নামবে।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিভাগ গঠনের আগে কুমিল্লা বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বিদেশি বিনিয়োগ বাড়বে। তিনি দাবি করেন, জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না; তারা সুনীতির রাজনীতি করতে চায়।
ডা. শফিক অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। বড় শিল্পপতি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী কেউই এর বাইরে নেই। দীর্ঘ সাড়ে ১৫ বছর নির্যাতনের শিকার হলেও জামায়াত দেশ ছাড়েনি এবং ছাড়বেও না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।