Ridge Bangla

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ৮ বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আটটি বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁদের এই ক্ষমতা প্রদান করা হয়।

পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুসারে নির্ধারিত অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা তাঁদের আওতাভুক্ত এলাকার প্রয়োজন অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চূড়ান্তভাবে দায়িত্ব বণ্টন করবেন। পদায়নের পর কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কাছে যোগদান ও রিপোর্ট করতে হবে।

This post was viewed: 10

আরো পড়ুন