Ridge Bangla

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা, দেশে পৌঁছেছে প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পোস্টাল ভোট কার্যক্রম গতি পেয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদানকারী প্রবাসীদের পাঠানো ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছাতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পোস্টাল ব্যালট আদান-প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ভেতরে অবস্থিত প্রবাসী ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে (আইসিপিভি) নিবন্ধিত মোট ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব ব্যালট ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। প্রকল্প সূত্র জানায়, প্রেরিত ব্যালটগুলোর মধ্যে ইতোমধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৯০২ জন ভোটার সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

This post was viewed: 10

আরো পড়ুন