বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা আগে ছিল ১০২ টাকা। কেরোসিনের দাম কমে হয়েছে ১১২ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা প্রতি লিটার।
সরকার গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। একইভাবে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের মাধ্যমে।
এর আগে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম বিপিসি নিয়মিত সমন্বয় করলেও বর্তমানে বিইআরসি প্রতি মাসে এসব জ্বালানির দাম নির্ধারণ করছে।