Ridge Bangla

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩২ জন

গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। স্থানীয় হামাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার বেশির ভাগ লক্ষ্য ছিল ঘরবাড়ি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র। খবর বিবিসি।

গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণের খান ইউনিসে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিয়েছিলেন, সেখানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এতে নিরাপত্তাহীন পরিস্থিতি আরও প্রকট হয়েছে। ফিলিস্তিনিরা জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হলেও তাতে শান্তি অক্ষুণ্ণ হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের দাবি, আগের দিন হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল অস্ত্রের গুদাম, উৎপাদন কেন্দ্র এবং হামাসের গুরুত্বপূর্ণ স্থাপনা। হামাস হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই হামলা প্রমাণ করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নয়।

এদিকে গাজা নগরীর শিফা হাসপাতাল জানায়, একটি আবাসিক ভবনে বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। হামলায় সাধারণ মানুষ ও ফিলিস্তিনি পরিবারগুলো ভয়ে আতঙ্কিত।

This post was viewed: 8

আরো পড়ুন