Ridge Bangla

সাতক্ষীরার চার আসনে ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা জোরদারের প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, সাতক্ষীরার চার আসনে এবার মোট ৬০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে রয়েছে তিন হাজার ৪১০টি ভোটকক্ষ, যার মধ্যে ৩ হাজার ২৮১টি স্থায়ী এবং ১২৯টি অস্থায়ী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পাশাপাশি জেলার ৪৩০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসনভিত্তিক হিসেবে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। এ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে- ৯৬টির মধ্যে ২৯টি। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৬৮টির মধ্যে ৫০টি এবং সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১৬৫টির মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চার আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং হিজড়া ভোটার ১৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার সব ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে সব কেন্দ্রে এটি সম্পন্ন হবে।

This post was viewed: 9

আরো পড়ুন