Ridge Bangla

ওয়ারীতে পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮ জন

রাজধানীর ওয়ারীতে অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শাহ আলম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তাদের মধ্যে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে রেস্টুরেন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত আনুমানিক ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, বিস্ফোরণের ঘটনায় দুজন দগ্ধ রোগীকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা নিরূপণের কাজ চলছে এবং চিকিৎসা অব্যাহত রয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ও দগ্ধ আটজনকে জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হতে পারে।

This post was viewed: 8

আরো পড়ুন