Ridge Bangla

নিশিরাতে নির্বাচন হতে দেব না, ভোরে ভোট দিতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন ফজরের সময় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, যাতে কোনো ধরনের নিশিরাতে নির্বাচনের সুযোগ আর না থাকে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ১৬ বছর যেভাবে অন্ধকারে নির্বাচন হয়েছে, এবার তা করতে দেওয়া হবে না; এবার জনগণের পালা, জনগণই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ভোটার ভোরবেলা লাইনে দাঁড়াবে, যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। রংপুরকে আবু সাঈদের ত্যাগের মাটি হিসেবে উল্লেখ করে তিনি জানান, শহীদদের স্বপ্ন পূরণ করতে হলে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, এই অঞ্চলে বিএনপির আমলে দারিদ্র্য কমেছে, কিন্তু বিগত ১৬ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। কৃষকরা নির্যাতিত হয়েছেন, কৃষিজাত পণ্যের মূল্য বৃদ্ধির ফলে তারা কষ্টে পড়েছেন। সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফ এবং ক্ষুদ্রঋণ পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও অঞ্চলে প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও আইটি খাতে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া হবে, যা স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং কৃষকদের উৎপাদন সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা প্রকাশ করেন।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন এবং বিভাগীয় ও কেন্দ্রীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

This post was viewed: 15

আরো পড়ুন