Ridge Bangla

ভারত থেকে এলো ৫১০ টন চাল

টানা তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত থেকে চারটি পৃথক চালানে মোট ৫১০ টন নন-বাসমতি সিদ্ধ চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ১৪টি ট্রাকে আনা এসব চাল খালাস করা হয়েছে। চাল আমদানি করেছে ‘হাজী মুসা করিম অ্যান্ড সন্স’। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার শুল্কমুক্ত আমদানি অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রতি কেজি খরচ বেনাপোল বন্দর পর্যন্ত প্রায় ৫০ টাকা পড়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানিয়েছেন, ৫১০ টন নন-বাসমতি মোটা চাল দ্রুত খালাসের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ চাল দেশের বাজারে সরবরাহের মাধ্যমে দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। দীর্ঘ সময়ের জন্য এই বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় চাল প্রবেশ করানো হলো।

চাল আমদানি কার্যক্রমের প্রেক্ষিতে চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চের মধ্যে এসব চাল দেশে পৌঁছে বাজারে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন