গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের এক বিচারকের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারক মো. শামছুল হকের বাসভবনের সামনে দুর্বৃত্তরা হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিচারকের বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আশপাশের এলাকায় থাকা বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এ ঘটনার পর বিচারকের বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে ওই এলাকায় টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।