Ridge Bangla

নির্বাচনি দায়িত্বে আওয়ামী লীগের কোনো দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্বে আওয়ামী লীগের কোনো সদস্য জড়িত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের কোনো দোসর নেই। নির্বাচন সম্পূর্ণ পেশাদার ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, সিলেটে নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি সন্তোষজনক। “এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে,” বলেন তিনি।

মতবিনিময় সভায় তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও কুকুর স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে সব কেন্দ্রেই ড্রোন থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনী কর্মকর্তাদের সতর্কও করেন, যাতে ভোট প্রশাসনের কাজ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে সকল ধরনের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন