Ridge Bangla

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি থেকে ১৩ জন নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমিও শুনেছি। সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’ তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস। এ ছাড়া সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

দলীয় একাধিক সূত্র জানায়, সাংগঠনিক সিদ্ধান্ত, নেতৃত্ব কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভিন্নমতের জের ধরেই এই গণপদত্যাগের ঘটনা ঘটতে পারে। যদিও পদত্যাগকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।

This post was viewed: 8

আরো পড়ুন