সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার প্রথম ছবি ‘সাইলেন্স—আ মিউজিক্যাল জার্নি’ বাংলাদেশে ৭ নভেম্বর মুক্তি পায়। পরে ছবিটি যুক্তরাষ্ট্রেও মুক্তি পায় এবং ২৬ জানুয়ারি থেকে ফ্লোরিডার মুভিস অব লেক ওর্থ থিয়েটারে প্রদর্শিত হচ্ছে। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তির ব্যবস্থা করায় পরিচালক ইমন সাহাকে ধন্যবাদ জানিয়ে নায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, আমেরিকার হলে নিজের ছবি মুক্তি পেয়েছে। এটা অবশ্যই আনন্দের।
ইমন সাহা বলেন, ‘জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার সম্পর্ক দেখানো হয়েছে ছবিটায়। মেয়েটি যখন গ্রাম থেকে শহরে আসে, তখন তার জীবনের সংগ্রাম ও অভিজ্ঞতা দর্শক দেখতে পাবেন।’
‘সাইলেন্স’ গ্রামের বাউল পরিবারের এক মেয়ের সংগীতযাত্রার গল্প নিয়ে তৈরি। সিনেমায় দেখা যাবে, কীভাবে গ্রামের গান থেকে শহরের জৌলুস, যশ ও জনপ্রিয়তার আকর্ষণে মেয়েটি নিজের গানের সত্তা হারিয়ে ফেলে।
সাইমন সাদিক ও নীলাঞ্জনা নীলার পাশাপাশি সিনেমাটিতে ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন।