Ridge Bangla

৫০তম বিসিএসের প্রিলিমিনারি আজ

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবারের বিসিএসে মোট আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের কথা রয়েছে।

পিএসসি সূত্র জানায়, দৈবচয়ন পদ্ধতিতে আসন বিন্যাসের কারণে পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে সময় লাগতে পারে। এ কারণে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে হলে প্রবেশ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা কোনো ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ, মানিব্যাগ, গহনা কিংবা ব্যাংক ও ক্রেডিট কার্ডসদৃশ সামগ্রী সঙ্গে নিতে পারবেন না। প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

এ ছাড়া পরীক্ষার্থীদের কানে কোনো আবরণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে। পিএসসি সতর্ক করে জানিয়েছে, নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণার বিধান রয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন