রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০০৩ সালে পুলিশ সার্ভিসে যোগ দেওয়া এই কনস্টেবল বর্তমানে যাত্রাবাড়ী ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শফিকুল ইসলাম চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানার মৌটুপী গ্রামের মান্নান মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন শফিকুল ইসলাম, এমনটাই জানিয়েছেন তার স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাসেল বলেছেন, বুধবার সকালে পুলিশ ফাঁড়ির ওয়াশরুমে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ শনাক্ত করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে।