আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে হবে।
উক্ত আচরণবিধিমালার বিধি–৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা গেলেও কোনো প্রকার পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না।
এ অবস্থায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করেন, তা নিশ্চিত করতে এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর সব বিধান যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।