বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং তাদের লাল কার্ড দেখানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
সোমবার (২৬ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ১১ দলীয় জোটের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা আল্লাহ ছাড়া কারও কাছে মাথানত করে না। নির্বাচনের মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে, যেমন ২০২৪ সালে যুবসমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তিনি বলেন, যে দেশে শহীদ আবরার ফাহাদ ও শহীদ আবু সাইদের মতো তরুণেরা আত্মত্যাগ করেছেন, সেখানে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে না।
২০২৪ সালের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন সেই আন্দোলনের একজন বীর, যিনি অন্যায়ের কাছে মাথানত না করায় শহীদ হয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী মূল্যবোধের প্রসারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের বিজয় ঘটেছে এবং আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও সেই বিজয় অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
জনপ্রতিনিধিদের জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জামায়াতের কোনো জনপ্রতিনিধির সম্পদ অস্বাভাবিকভাবে বাড়বে না এবং সবাইকে জনগণের সামনে সম্পদের হিসাব দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা আমির রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।