Skip to main content

Ridge Bangla

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ দুর্ঘটনা, নিহত ২ ও আহত ৮ জন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাজারে যাওয়ার পথে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) এবং একই উপজেলার মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে মিঠামইন উপজেলা থেকে একটি পিকআপে করে ১৫ থেকে ২০ জন যাত্রী ও মানতের একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশ্যে রওনা দেন।

পথে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর আটজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন