ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে মিরপুর–১০ এলাকার আদর্শ স্কুল মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
ঢাকা–১৫ আসনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি ১০–দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারাও জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এই জনসভার মধ্য দিয়েই নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন জামায়াত আমির।
জনসভা শুরুর আগেই মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই নির্বাচনি জনসভাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, ১০–দলীয় নির্বাচনী ঐক্য জোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।