Ridge Bangla

হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের দামি কফি ‘ব্ল্যাক আইভরি’

বিশ্বের অন্যতম বিরল ও দামি কফি ‘ব্ল্যাক আইভরি’। কফির কম তেতো ও মোলায়েম স্বাদের কারণ এশীয় হাতির পাচনতন্ত্রে থাকা বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কফি বিনের তেতো উপাদান ভেঙে দেয়, ফলে স্বাদ নরম হয়। জাপানের ইনস্টিটিউট অব সায়েন্স, টোকিওর গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ডের একটি হাতি অভয়ারণ্যে তৈরি এই বিশেষ কফিতে হাতিদের আরাবিকা কফি চেরি খাওয়ানো হয়। হাতির অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া কফির বীজের পেকটিন ভেঙে দেয়, ফলে তেতোভাব কমে যায়। পরে হাতির মল থেকে সংগৃহীত বীজ পরিষ্কার ও ভাজা হলে কফির স্বাদ হয় মোলায়েম ও মৃদু।

সহযোগী অধ্যাপক তাকুজি ইয়ামাদা বলেন, হাতির অন্ত্রের জীবাণুসমষ্টি কফির স্বাদের গুণগত মানে কীভাবে প্রভাব ফেলে, তা বোঝার জন্য আমাদের এই গবেষণাটি একটি সম্ভাব্য দিক নির্দেশ করেছে। ভবিষ্যতে কফি বীজের আগে ও পরে রাসায়নিক বিশ্লেষণ করলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

গবেষণায় দেখা গেছে, কফি চেরি খাওয়া হাতিদের অন্ত্রে জীবাণুর বৈচিত্র্য বেশি থাকে, যা পেকটিন ভাঙার প্রক্রিয়াকে দ্রুত করে। এর ফলে পাচন প্রক্রিয়া ও অন্ত্রের ব্যাকটেরিয়া খাবারের স্বাদে প্রভাব ফেলতে পারে। এই গবেষণা শুধু কফি নয়, ভবিষ্যতে নতুন ধরনের কফি ও অন্যান্য গাঁজন করা খাবার তৈরির সম্ভাবনাও উন্মুক্ত করেছে।

This post was viewed: 12

আরো পড়ুন