Ridge Bangla

নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি ইসির কঠোর আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলেছে, আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি ও সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করছে- এমন অভিযোগ নির্বাচন কমিশনের নজরে এসেছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্য কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বহন, সংগ্রহ বা হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৪’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কাজ করা কেউই নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের চাঁদা, অনুদান, উপহার প্রদান বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এ ধরনের কার্যক্রম নির্বাচনী আইন ও আচরণবিধির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল, প্রার্থী, তাদের সমর্থক এবং সংশ্লিষ্ট সকল নাগরিক ও সংগঠনকে আইন ও বিধিমালা মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে কমিশন।

This post was viewed: 12

আরো পড়ুন