Skip to main content

Ridge Bangla

স্ত্রী ও শিশুসন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের ছয় মাসের জামিন

বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুসন্তানকে একসঙ্গে হারানোর মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় এই জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাদ্দামের জামিনের আদেশ দেন। তবে আদেশের লিখিত কপি এখনো যশোর কেন্দ্রীয় কারাগারে না পৌঁছানোয় সোমবার তাঁর মুক্তি সম্ভব হয়নি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর নাগাদ প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছালে তাঁর মুক্তি মিলতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই কক্ষে তাঁর ৯ মাস বয়সী শিশুসন্তান নাজিমের নিথর দেহও পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয় সাদ্দামকে। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, ‘আমরা মৌখিকভাবে জানতে পেরেছি যে সাদ্দামের জামিন হয়েছে। তবে আদালতের লিখিত আদেশ এখনো হাতে পাইনি। সম্ভবত মঙ্গলবার দুপুর নাগাদ তিনি মুক্তি পাবেন।’

হাইকোর্টে সাদ্দামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার মানবিক দিক বিবেচনা করে আদালত তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন।’

This post was viewed: 57

আরো পড়ুন