Ridge Bangla

জুলাই যোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেটে এ অধ্যাদেশ প্রকাশ করা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়। এই ঐতিহাসিক আন্দোলন পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি পায়।

গেজেটে উল্লেখ করা হয়, ওই সময় ফ্যাসিবাদী সরকারের নির্দেশে নির্বিচার হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও সশস্ত্র হামলার মুখে জনগণ আত্মরক্ষা ও জনশৃঙ্খলা রক্ষায় বাধ্য হয়। পরিস্থিতির প্রয়োজনে গৃহীত এসব প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আত্মরক্ষা, জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপে অংশগ্রহণকারী ব্যক্তিদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী আইনি সুরক্ষা প্রদান করা হবে।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদ ভেঙে থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট হওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন