Ridge Bangla

৪১৯টি উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

চালের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ জনগণকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হবে। সাধারণ মানুষ প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকায় সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অতিরিক্ত ওএমএস কার্যক্রম চলমান সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি সমান্তরালভাবে পরিচালিত হবে। অর্থাৎ পূর্বের কেন্দ্রগুলোতে চাল ও আটা বিক্রির প্রক্রিয়া একইভাবে চলবে।

বর্তমানে সাধারণ ওএমএস কর্মসূচির মাধ্যমে দেশের ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা এবং শ্রমঘন উপজেলা ও পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্র থেকে দৈনিক ১ হাজার ১৪১ দশমিক ৫ মেট্রিক টন আটা ও ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল ভর্তুকি মূল্যে বিতরণ করা হচ্ছে। খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য মজুদ পর্যাপ্ত এবং মাঝারি ও মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু এলাকায় সরু চালের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন