Skip to main content

Ridge Bangla

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ আলোচনা ও নাটকীয়তার পর সরকার ও ক্রিকেট বোর্ডের সম্মিলিত অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান প্রেক্ষাপটে সেই নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

ক্রীড়া উপদেষ্টা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অবস্থান বোঝাতে বা আস্থার পরিবেশ তৈরি করতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। একই সঙ্গে ভারত সরকারও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এসব কারণে বাংলাদেশ ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও জানান, বাংলাদেশ এখনো আইসিসির পুনর্বিবেচনার দিকে তাকিয়ে আছে। বিকল্প ভেন্যু নির্ধারণ এবং ম্যাচ আয়োজনের নিরাপত্তা নতুন করে মূল্যায়ন করা হলে পরিস্থিতি বদলাতে পারে। তবে নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না- এ কথাও স্পষ্ট করে দেন তিনি।

ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে বিশ্বকাপে অংশগ্রহণের আগ্রহ, অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা- এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতেই এমন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ।

This post was viewed: 61

আরো পড়ুন