প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ গত ১৬ বছর ধরে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পারেনি। সেই দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে দিতে আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। বড় রাজনৈতিক দলগুলোর প্রচারণায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের দিনটির অপেক্ষায় আছে। নির্বাচন নিয়ে আতঙ্ক বা শঙ্কার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। সরকার শিল্পী ও সংস্কৃতির স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বাউলদের গান তাদের শিল্পচর্চার অংশ। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সমাধান আসবে।