ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইয়ের জীবননাশের আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ জিডি দায়ের করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি থানায় উপস্থিত হয়ে জিডিটি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জিডির আবেদনে উল্লেখ করা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তার ভাই ও সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেহেতু এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো চক্র গ্রেপ্তার হয়নি, সে কারণে যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে পরিবারটির সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে ওসমান হাদির পরিবারকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসব কারণে তিনি ও তার ভাইয়ের সন্তান নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।