Skip to main content

Ridge Bangla

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলে রোববার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪, যা রিখটার স্কেলে পরিমাপ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের সুনির্দিষ্ট গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।

ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ভূমিকম্পের পরপরই অনেক মানুষ বাসা-বাড়ি ও দপ্তর থেকে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা কেঁপে ওঠে। পাশাপাশি দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও ভূকম্পন অনুভূত হয়।

This post was viewed: 51

আরো পড়ুন