Skip to main content

Ridge Bangla

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে ইসির বিশেষ পরিপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বৈধ পরিচয়পত্র প্রদান করবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ২৯(গ) অনুচ্ছেদ অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র বহন করে সংবাদ সংগ্রহ করতে পারবেন।

নীতিমালা–২০২৫-এর ১০ নম্বর ধারা অনুযায়ী ইসি প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। এ ছাড়া সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। অনুমোদন পাওয়া আবেদনকারীরা কিউআর কোড সংযুক্ত পরিচয়পত্র ও স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করবেন। নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত কোনো অনুমোদিত সাংবাদিককে বাধা দেওয়া, শারীরিক ক্ষতি করা বা দায়িত্ব পালনের সরঞ্জাম নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। ভোটকেন্দ্রে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রিজাইডিং অফিসারদেরও সাংবাদিকদের দায়িত্ব পালনে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন