Ridge Bangla

ক্ষমতায় গেলে ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখানে একটি মেডিকেল কলেজ ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে। তিনি বলেন, বিএনপি কেবল যুবসমাজকে স্বপ্ন দেখাতে নয়, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনীতে ইপিজেড প্রতিষ্ঠা হলে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যুবকদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।

তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের ভোট ও সিদ্ধান্তের ওপর।

বৃহত্তর নোয়াখালী ও ফেনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে। এই সম্মান রক্ষা করতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ ও নারীদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার করে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

This post was viewed: 9

আরো পড়ুন