Ridge Bangla

লালমনিরহাটে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। খবর পেয়ে উভয় দলের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগও ওঠে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। খবর পেয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দোষারোপ করেছে। উভয় পক্ষই দাবি করেছে, প্রতিপক্ষের উসকানির কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন