Ridge Bangla

চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি শুল্ক কার্যকর করার কোনো সময়সীমা প্রকাশ করেননি।

শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ পোস্টে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘গভর্নর’ হিসেবে সম্বোধন করেন এবং কানাডাকে চীনের পণ্যের ‘ড্রপ-অব পোর্ট’ বানানোর অভিযোগ তোলেন।

এর আগে শুক্রবার ট্রাম্প কানাডার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। গাজা পুনর্গঠনে গঠিত ‘বোর্ড অব পিস’-এ কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করা হয়। পাশাপাশি, গ্রিনল্যান্ডে প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও চীনের সঙ্গে ব্যবসা নিয়ে কানাডাকে কঠোর আক্রমণ করেন। এই মন্তব্যগুলো দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

সপ্তাহের শুরুতে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভাঙন-এর সতর্কবার্তা দেন। যদিও ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি, তবুও তার উদ্দেশ্য স্পষ্ট ছিল।

জবাবে ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে। পাল্টা জবাবে কার্নি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে নয়, তার নাগরিকদের কারণে সমৃদ্ধ।

This post was viewed: 6

আরো পড়ুন