Ridge Bangla

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১টি বসতঘর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোরে আমবাগ মেম্বার মোড় এলাকায় চান মিয়ার মালিকানাধীন বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুনের উৎপত্তি হয়। শর্টসার্কিটের কারণে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই ১১টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি ঘরে আলাদা পরিবার বসবাস করত। আগুনে কোনো প্রাণহানি হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। তারা দ্রুত সরকারি ও স্থানীয় প্রশাসনের সহায়তা দাবি করেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন