Ridge Bangla

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাপাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস আবু হানিফ রিমনের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সোহেলের মামা ডা. এবাদুল্লাহ সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের মোটর থেকে জমিতে পানি দেওয়ার সময় আবু হানিফ রিমন বাধা দেন। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে ১০ জন আহত হন। এদের মধ্যে সোহেল ও লিসান টেটাবিদ্ধ হয়েছেন। এছাড়া সফর আলী, মামুন, আরিফ, সাইদুলসহ আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, “উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

This post was viewed: 5

আরো পড়ুন