Ridge Bangla

জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বিএনপি রাজনীতি করে এবং ভবিষ্যতেও করবে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের যেমন উন্নয়ন প্রত্যাশা রয়েছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে একটি প্রত্যাশা আছে- ধানের শীষকে বিজয়ী করা। আমরা যে রাজনীতি করি, তা দেশের মানুষের কল্যাণের জন্য। জনগণের কাছে যে অঙ্গীকার করি, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, শ্রমজীবী ও খেটে-খাওয়া নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা ন্যূনতম হলেও সরকারি সহায়তা পাবেন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে, যাতে বাড়িতে বসেই প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া যায়।

বন্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সারা দেশে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়ন সম্ভব। পাশাপাশি ফেনী অঞ্চলে চট্টগ্রাম ইপিজেডের মতো শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

This post was viewed: 16

আরো পড়ুন