চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের অভিযানে উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তাঁর সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন র্যাবের এক উপসহকারী পরিচালক।
এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ইউনুস ও জাহিদ হাসানসহ আরিফ হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, মামলার পরপরই জঙ্গল সলিমপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, প্রধান অভিযুক্ত ইয়াসিনের বিরুদ্ধে চারটি এবং নুরুল হক ভান্ডারীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলমান।
উল্লেখ্য, গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় সশস্ত্র হামলার মুখে পড়েন মোতালেব হোসেন ভূঁইয়া। হামলাকারীরা তিন র্যাব সদস্য ও এক স্থানীয় ব্যক্তিকে জিম্মি করে দুর্গম আলীনগর এলাকায় নিয়ে মারধর করে। এ সময় র্যাবের চারটি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়।
পরে পুলিশের একটি দল আহত অবস্থায় জিম্মিদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে অস্ত্রগুলোও উদ্ধার করা হয়।